Advertisement

উন্মেষ

আজাদুর রহমানের একগুচ্ছ কবিতা

 

সুন্দরেরা
একদা সুন্দরেরা ছিল চিম্বুকে,
গলিতে চাঁদের গাড়ি,
পাহাড়ের খাঁজে মজা ভাতের ঘ্রাণ,
তেতুল-টক হাঁড়িয়ার
তেলে হলুদে কস্তুরি ঝোল,
ঢেউ লাগা মন,
বর্ষায় খোলা ছিল জঙ্গলের দরজা।
কিছুদূর মানে ঠিক কতদুর?
জানতাম না।
খায়রুনের মত চিরল ঝর্ণা,
লালমাটি ধরে হেঁটে যাচ্ছিলাম,
সবুজ থেকে আরেক সবুজে।

যে জীবন তুমি কাটাতে চাও নি
এ পৃথিবীর পলি-কাটা জালে
মুখটাই কেবল আটকা পড়ে,
দুধের সরের মত পড়ে থাকে মায়া
স্তরে স্তরে, চামড়া জুড়ে।
যে জীবন তুমি কাটাতে চাও নি,
তার দুঃখ‍-টুঃখ অল্প-স্বল্প গল্পে
লেগে আছে এক মহলা সবুজ,
লেগে আছে বালুচর শস্য-শ্যামলা নদী।
দুধের সরের মত মায়া আর
পলি‍-কাটা আদর ফেলে,
রুপার পালংকে, সোনার পালংকে
তোমার ঘুম আসে না।

ভিতরবাড়ি
দু পাশে রঙ-বার্নিশ
বদলে যাচ্ছে বাহির।
দেয়াল জানে না কিছু,
ভিতরে জমে আছে তার
সাত রাজ্যের ঘুম,
আর একটা তুচ্ছ করাত
কেটে নিচ্ছে তার রাত্রী।

মায়া
পাখি তুমি উড়ে যাও,
যতদুর তোমার আকাশ,
উড়ে যাও।
পাখি তুমি উড়ে যাও
যতদুর তোমার চোখ,
উড়ে যাও।
পাখি তুমি উড়ে যাও,
যতদুর সম্পর্কের সুতো,
উড়ে যাও।

Post a Comment

0 Comments